সাতক্ষীরার দেবহাটার পারুলিয়া মৎস্য আড়তে ভ্রাম্যমাণ আদালতের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে পরিচালিত এই অভিযানে ১০০ কেজি জেলি-পুশকৃত চিংড়ি জব্দ করা হয় এবং পরবর্তীতে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অবৈধভাবে চিংড়িতে জেলি পুশ করার দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানটিতে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, এফআইকিউসি খুলনার ইন্সপেক্টর আলমগীর হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এবং দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম। এ সময় দেবহাটা থানা পুলিশ ও বিজিবির সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম জানান, দীর্ঘদিন ধরেই পারুলিয়া মৎস্য আড়ত ও এর আশেপাশের কিছু আড়তে অবৈধভাবে চিংড়িতে জেলি পুশ করে বিক্রি করা হচ্ছিল। স্থানীয়ভাবে অভিযোগ পাওয়ার পর এই অভিযান চালানো হয়। এর আগেও একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে জরিমানা ও চিংড়ি জব্দ করা হলেও অসাধু ব্যবসায়ীরা এই অবৈধ কার্যক্রম বন্ধ করেনি।
ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তদের মধ্যে সুজয় মণ্ডলকে ৫ হাজার টাকা, সুমন ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং আল কাইয়ুম ফিসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।