রাজধানীর খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে এই জামিনের আদেশ প্রদান করেন।
আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ। তিনি জানিয়েছেন, খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জারি করা রুল বহাল রেখে আদালত তার মক্কেলকে জামিনের আদেশ দিয়েছেন।
এর আগে ব্যারিস্টার সুমন আরও তিনটি মামলায় জামিন পেয়েছেন। তবে ওই জামিনের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছে, যা বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে। এছাড়া ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে বিচারিক আদালতে আরও দুটি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে।
উল্লেখ্য যে, সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যকে ২০২৪ সালের ২১ অক্টোবর রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীসহ হবিগঞ্জের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।