তরুণদের নেতৃত্ব বিকাশ ও ব্যবসায়িক উদ্ভাবনী ভাবনাকে উৎসাহিত করতে আয়োজিত ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউনিলিভার ফিউচার Лиডার্স প্রোগ্রাম (ইউএফএলপি) ২০২৬’-এর ১৬তম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। ‘ডিসরাপ্ট টু উইন’ প্রতিপাদ্যে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দেশের শীর্ষ ৬টি দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টিম ‘সোপ-আর-স্টারস’।
বিজয়ী ‘সোপ-আর-স্টারস’ দলের সদস্যরা হলেন ইউনিভার্সিটি অব উইসকনসিন–ম্যাডিসনের মির রামিসা রাইয়ান রোজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ফাইয়াজ আমিন রাহিন ও রুশমিলা হাবিব। প্রতিযোগিতায় রানারআপের স্থানগুলোও ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এতে প্রথম রানারআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইইউটির শিক্ষার্থীদের দল ‘লকড আউট’। আর দ্বিতীয় রানারআপের মুকুট জিতেছে আইবিএ, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও বিইউপি শিক্ষার্থীদের যৌথ দল ‘ব্রেকিং গুড’।
গত ৩০ জুলাই জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে প্রতিযোগীরা বাস্তবমুখী ব্যবসায়িক সমস্যার নানা উদ্ভাবনী সমাধান বিচারকদের সামনে উপস্থাপন করেন। এই সমাধানগুলো মূল্যায়নের দায়িত্বে ছিলেন একদল অভিজ্ঞ বিচারক প্যানেল। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের পারসোনাল কেয়ার হেড নাবিলা জাবীন খান, হোম কেয়ার হেড মো. নুরুল মনোয়ার, সিবিডি হেড মো. শাদমান সাদিকিন এবং বাটা শু বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারই প্রথম বিজমায়েস্ট্রোজ ও ইউএফএলপিকে একই প্ল্যাটফর্মে একীভূত করা হয়েছে, যার লক্ষ্য তরুণদের নেতৃত্ব বিকাশ ও ক্যারিয়ার গড়ার সুযোগকে আরও বিস্তৃত করা। ইউনিলিভার বাংলাদেশের হিউম্যান রিসোর্স ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির বলেন, চেনা গণ্ডি পেরিয়ে যারা সাহসী ও নতুন ভাবনা বাস্তবে রূপ দিতে চান, সেই তরুণদের এগিয়ে নেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন।
প্রতিযোগিতার দীর্ঘ বাছাই প্রক্রিয়া, নিবিড় বুটক্যাম্প ও তথ্যবহুল ওয়েবিনার শেষে উঠে আসা সফল তরুণরা ইউনিলিভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে এন্ট্রি-লেভেল পদ ও ইন্টার্নশিপের সরাসরি সুযোগ।