রাজধানীর কলাবাগানের ক্রিসেন্ট রোডের 'স্বপ্ন বিলাস' ছাত্রী হোস্টেল থেকে পিংকি বিশ্বাস (১৯) নামে এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আনোয়ার খান মডার্ন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (৩১ জুলাই) সকালের দিকে কলাবাগানের ক্রিসেন্ট রোডের ৭২ নম্বর পাঁচতলা ভবনের নিচতলার হোস্টেল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পিংকির বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার জামবাড়ি গ্রামে এবং তিনি প্রফুল্ল বিশ্বাসের মেয়ে।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, শুক্রবার সকালে সংবাদ পাওয়ার পর আটটার দিকে হোস্টেল মালিকের সহযোগিতায় ওই রুমের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় সিলিংফ্যানের সঙ্গে সবুজ রঙের ওড়না প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই রুমে তিনজন ছাত্রী থাকতেন, তবে ঘটনার সময় দুইজন ছুটিতে ছিলেন এবং পিংকি একাই ছিলেন। এসআই লিজা আক্তার জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রেমঘটিত কোনো কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। নিহত শিক্ষার্থীর পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে।