কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে ২০২৪ সালের ৩১ জুলাই বুধবার সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের আগের দিন মঙ্গলবার রাতে টেলিগ্রাম অ্যাপে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। তাদের ৯ দফা দাবির মধ্যে ছিল কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি, শিক্ষার্থী হত্যার বিচার এবং গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি।
কর্মসূচির অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষক ও শিক্ষার্থীরা রাজপথে নামেন। কর্মসূচি চলাকালে বিভিন্ন জায়গায় পুলিশ লাঠিপেটা করে এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় সারা দেশে অন্তত ৯০ জন আহত হন এবং শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। সিলেটে বাধা পেরিয়ে যাওয়ার সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হন।
ঢাকার হাইকোর্ট মাজার গেট এলাকায় দুপুর ১২টা থেকে শিক্ষার্থী ও শিক্ষকরা জড়ো হন। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সেখান থেকে কয়েকজনকে আটক করে। শিক্ষার্থীরা প্রায় তিন ঘণ্টা অবস্থান নিয়ে স্লোগান দেন। এছাড়া হাইকোর্টের ভেতরে আইনজীবীদের একটি দল মিছিল করে। বেলা ১টার দিকে শিক্ষার্থীদের আরেকটি অংশ মিছিল নিয়ে হাইকোর্টের দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে, পরে তারা দোয়েল চত্বরে অবস্থান নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন এবং বেলা ৩টার দিকে সেখান থেকে চলে যান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং গণস্বাক্ষর সংগ্রহের লক্ষ্যে নতুন কলাভবনসংলগ্ন মহুয়া মঞ্চের সামনে জড়ো হন। এদিকে বৃহস্পতিবারের জন্য ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ নামে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। সহ-সমন্বয়ক রিফাত রশিদের বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার শিক্ষার্থী নির্যাতনের স্মৃতিচারণ, গ্রাফিতি ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন কার্যক্রম পালন করা হবে।
৩১ জুলাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সংগঠনটির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক শাহ মঞ্জুরুল হক আলাদা সংবাদ সম্মেলন করেন। একই দিনে বাংলাদেশের সঙ্গে নতুন অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে ১৪ দিন পর ফেসবুক, টিকটক ও হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যম সচল হয়।
জাতিসংঘ মানবাধিকার কমিশন শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে নিরাপত্তা খাতের সংস্কারের প্রয়োজনীয়তার কথা জানান হাইকমিশনার ফলকার তুর্ক। এছাড়া নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা ছয় সমন্বয়ককে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। মার্কিন সিনেটর বেন কার্ডিন ও কোরি বুকারও বলপ্রয়োগের নিন্দা জানিয়ে বিবৃতি দেন।
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এছাড়া শেখ হাসিনা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ১৫ দিনে সারাদেশে ১০ হাজার ৭৩৫ জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত গ্রেপ্তার হন আরও ৩৪১ জন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে সরিয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদলি করা হয় এবং তার স্থলাভিষিক্ত হন মো. আশরাফুজ্জামান। এছাড়া জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।