কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নতুন স্পিডবোটের ট্রায়াল দেওয়ার সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে শরিফুল ইসলাম রবি (৪০) নামে এক দেহরক্ষী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোররাতে উপজেলার গোলাপনগর বাগগাড়ি পাড়াসংলগ্ন পদ্মা নদীতে এই হামলার ঘটনা ঘটে।

আহত শরিফুল ইসলাম রবি মনি পার্কের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম মনির দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাহাদুরপুর ইউনিয়নের মুসলিমপুর ফকিরপাড়া গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মনি পার্কের মালিক মনিরুল ইসলাম কিছুদিন আগে একটি নতুন স্পিডবোট ক্রয় করেছিলেন। দীর্ঘ সময় অব্যবহৃত থাকায় সেটি বিকল হয়ে পড়েছিল, পরবর্তীতে নতুন ইঞ্জিন স্থাপনের পর শুক্রবার ভোরে কার্যকারিতা পরীক্ষার জন্য তারা নদীতে নামেন।

এ সময় ওত পেতে থাকা একদল সন্ত্রাসী আচমকা স্পিডবোটটি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে একটি গুলি রবির বাম হাতের পেশি ভেদ করে বুকের বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য শুক্রবার বিকেল ৩টার দিকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাহেদুর রহমান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলামও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৯: ৫৮আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১০: ০৭