ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ লিগে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানাকে জড়িয়ে ধরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতীয় ক্রিকেটার জেমাইমা রদ্রিগেজ। সাদার্ন ব্রেভ দলের হয়ে খেলেন ভারতের জেমাইমা রদ্রিগেজ, আর পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা খেলেন বার্মিংহ্যাম ফিনিক্সের হয়ে। দুই দলের মধ্যকার ম্যাচ শেষে যখন সব খেলোয়াড় একে অপরের সঙ্গে করমর্দন করছিলেন, তখন জেমাইমা ও ফাতিমার এই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফাতিমার দিকে এগিয়ে যান জেমাইমা। প্রথমে তারা হাত মেলান এবং এরপর দু’জনে একে অপরকে জড়িয়ে ধরেন। এ সময় দু’জনের মুখেই হাসি ছিল এবং তারা কিছুক্ষণ কথাও বলেন। এরপর তারা নিজ নিজ সাজঘরের দিকে চলে যান।
ভারত ও পাকিস্তানের মধ্যকার শীতল সম্পর্ক গত এক বছর ধরে চরমে পৌঁছেছে। মূলত ২০২৫ সালে কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার পর থেকে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে হাত মেলানোর রীতি কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় থেকেই এশিয়া কাপে সূর্যকুমার যাদবদের নেতৃত্বাধীন ভারতীয় দল পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানো বন্ধ করে দেয়। পুরুষ, মহিলা কিংবা অনূর্ধ্ব-১৯ সব স্তরের ক্রিকেটেই এই প্রবণতা বজায় ছিল এবং অন্যান্য খেলাতেও এর প্রভাব দেখা গিয়েছিল। গত এক বছরেরও বেশি সময় ধরে যে দৃশ্য একরকম নিয়মে পরিণত হয়েছিল, তাতে হঠাৎই পরিবর্তন এল।
তবে জেমাইমার এই আচরণ নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এক পক্ষের মতে, জেমাইমা প্রকৃত ক্রীড়াসুলভ মানসিকতার পরিচয় দিয়েছেন এবং খেলার মধ্যে রাজনীতি টেনে আনা উচিত নয়। তাদের মতে, জাতীয় দলের জার্সি গায়ে যা সম্ভব হয়নি, বিদেশের লিগে সেটাই করে দেখিয়েছেন এই ভারতীয় ক্রিকেটার। অন্য একটি অংশ এই ঘটনাকে ভিন্নভাবে দেখছেন।