যশোরের চৌগাছা কাঁচাবাজারে প্রস্তাবিত মডেল মসজিদের স্থান পরিবর্তনের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় দোকান মালিক ও ব্যবসায়ীরা। শনিবার (১ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। ব্যবসায়ীদের ভাষ্যমতে, বর্তমান নির্ধারিত স্থানে মসজিদ নির্মাণ করা হলে কাঁচাবাজারের অন্তত ৮৪ শতাংশ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
দোকান মালিক সমিতির সভাপতি শফি উদ্দিন লিখিত বক্তব্যে জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৬০ থেকে ৭০টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ১২০টিরও বেশি পরিবার চরম জীবিকা সংকটের মুখে পড়বে। ব্যবসায়ীরা স্পষ্ট করেছেন যে, তারা মসজিদ নির্মাণের বিরোধী নন। তবে বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ও মানুষের জীবিকা রক্ষার্থে তারা মসজিদের স্থান পরিবর্তন করে পাশের খাসজমি বা অন্য কোনো উপযুক্ত স্থানে নির্মাণের জোর দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে উচ্চ আদালতে একটি রিট মামলা করা হয়েছে। আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট স্থানে মসজিদ নির্মাণের উদ্যোগ অব্যাহত রয়েছে বলে তারা উল্লেখ করেন। এছাড়া, মসজিদ নির্মাণের বিষয়টি কেন্দ্র করে কিছু ব্যক্তি ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের চেষ্টা করছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ব্যবসায়ী ও দোকান মালিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ হাট মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সেন্টু, আনিছুর রহমান, আবু মুসা, শফিউর রহমান এবং মোহাম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।