জুলাই মাসের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের একক সাফল্য হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, এটি মূলত দেশের গণতন্ত্রকামী সকল মানুষের সম্মিলিত অবদানের ফসল। এই আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করে অন্যকে ছোট করার প্রবণতা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদের হলো শেষ’ শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজক ছিল ‘আমরা বিএনপি পরিবার’ এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আতিকুর রহমান রুমন বলেন, দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে কারাবরণ করেছেন এবং দীর্ঘ সময় ধরে অমানবিক নির্যাতন সহ্য করেছেন। একইভাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও দীর্ঘ দেড় দশক নির্বাসিত জীবন যাপন করেছেন এবং নানা নির্যাতনের শিকার হয়েছেন। তবে তারা কখনোই নিজেদের ব্যক্তিগত ত্যাগকে বড় করে তুলে ধরে কৃতিত্ব দাবি করেননি।

তিনি আরও বলেন, নিজেকে জাহির করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। বিএনপি কখনোই দাবি করেনি যে তারা একাই সব করেছে। যারা আজ একক কৃতিত্বের দাবি তুলছেন, জনগণ একদিন তাদের প্রত্যাখ্যান করবে এবং ইতিহাসও তাদের কোনো জায়গা দেবে না।

জুলাই আন্দোলনের সময় সাংবাদিকদের সাহসিকতার প্রশংসা করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, সেই উত্তাল সময়ে অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির নেতাকর্মীদের সহায়তা করেছেন। অনেক সাংবাদিক তাদের ব্যক্তিগত মোটরসাইকেল ও গাড়িতে করে আমাকেসহ বিএনপির অনেক নেতাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন। সাংবাদিকদের এমন ভূমিকার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।