যুক্তরাষ্ট্র একটি সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের দিকে ত্বরান্বিত হচ্ছে বলে শনিবার সতর্ক করেছেন ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি। তিনি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সরকারগুলোকে অনুরোধ জানান, তারা যেন ওয়াশিংটনকে সামরিক অভিযানের জন্য তাদের ভূখণ্ড, অবকাঠামো ও সম্পদ ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়টি পুনর্মূল্যায়ন করে।
মেজর জেনারেল আলী আব্দুল্লাহি বলেন, ওয়াশিংটনের বর্তমান আচরণ একটি বিপজ্জনক সম্প্রসারণবাদী কৌশলের প্রতিফলন। এই কৌশলের মূল লক্ষ্য হলো এ অঞ্চলে অবৈধ নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া। তিনি অভিযোগ করেন, অপরাধী যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের সময় প্রমাণ করেছে যে, তাদের শয়তানি লক্ষ্য ও উদ্দেশ্য হাসিলের জন্য তারা মুসলিমদের স্বার্থ ও সম্পদের বিরুদ্ধে যেকোনো অপকর্ম বা ধ্বংসযজ্ঞ চালাতে দ্বিধা করবে না।
ইরানি এই কমান্ডার আরও বলেন, যুক্তরাষ্ট্র তার ক্লান্ত ও শ্রান্ত সামরিক বাহিনীকে রক্ষা করার পাশাপাশি ইসরায়েলের যুদ্ধযন্ত্রকে শক্তিশালী করতে আঞ্চলিক দেশগুলোর মূলধন, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং কৌশলগত সম্পদকে প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে ব্যবহার করছে। তিনি সতর্ক করে বলেন, ইসলামী অঞ্চলের দেশগুলোকে অবশ্যই বুঝতে হবে যে তারা কাদের সহযোগিতা করছে।
আব্দুল্লাহি জোর দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এবং বৃহত্তর প্রতিরোধ ফ্রন্ট প্রমাণ করেছে যে আঞ্চলিক শক্তির ভারসাম্য এখন আর আগের সমীকরণ দ্বারা পরিচালিত হচ্ছে না। ওয়াশিংটন তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার কারণেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন আঞ্চলিক দেশগুলোর সীমান্ত এবং সামরিক ঘাঁটি থেকে হামলা চালাতে বাধ্য হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
সবশেষে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসলামী দেশগুলোকে দূরদর্শিতার পরিচয় দিতে হবে এবং যুক্তরাষ্ট্রের অপরাধগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। অন্যথায়, যে কোনো দেশ যদি অপরাধী ও আগ্রাসী যুক্তরাষ্ট্রের জন্য প্রতিরক্ষামূলক ঢালে পরিণত হয়, তবে তা যুদ্ধের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে।
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১৬: ২৬আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৬: ৩১