নতুন প্রজন্মকে পবিত্র কুরআনের আদর্শে গড়ে তোলার লক্ষ্যে এবং তরুণদের মাঝে শুদ্ধ তিলাওয়াতের চর্চাকে উৎসাহিত করতে রাজধানী ঢাকায় আয়োজন করা হয় ‘হিফজুল কোরআন ও হুসনে সাউত প্রতিযোগিতা-২০২৬’। শনিবার মগবাজারের শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদে আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন মাদ্রাসা থেকে আসা প্রায় ৫০০ হাফেজ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তারা হিফজুল কোরআন ও হুসনে সাউত বিভাগে নিজেদের মেধা, যোগ্যতা ও তিলাওয়াতের সৌন্দর্য প্রদর্শন করেন। দিনব্যাপী এই প্রাণবন্ত আয়োজন অভিভাবক, আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগায়।

অনুষ্ঠানে আল ওয়াহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সাদিকুর রহমান আজহারী, সেক্রেটারি জেনারেল মাওলানা মুস্তাফিজরহমানী, অর্থ সম্পাদক মাওলানা মুস্তাফিজুররহমান শাহিন এবং সাংগঠনিক সম্পাদক ইমাদুদ্দিন আল-মাদানী উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়াকফ প্রশাসক সচিব সাফিজ উদ্দিন আহমেদ, নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১২ আসনের জাতীয় সংসদ সদস্য সাইফুল আলম খান, আজিজ গ্রুপের চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী এবং শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ।

প্রতিযোগিতার লক্ষ্য সম্পর্কে হাফেজ মাওলানা লুৎফর রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু প্রতিযোগিতার আয়োজন করা নয়; বরং এমন একটি কুরআনপ্রেমী প্রজন্ম গড়ে তোলা, যারা নিজেদের জীবনকে আল-কুরআনের আলোকে পরিচালিত করবে এবং সমাজে ইসলামের সৌন্দর্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। আল ওয়াহদা ফাউন্ডেশন ভবিষ্যতেও কুরআনের খেদমত, দ্বীনি শিক্ষা ও মানবকল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করে যাবে।’

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, মেডেল, সনদপত্র, নগদ অর্থ ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের খতিব মাওলানা সাদিকুর রহমান আজহারী। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও পবিত্র আল-কুরআনের শিক্ষা, হিফজ, তিলাওয়াত, দাওয়াহ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে।