ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে দেশের সকল বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, বেসরকারি খাতের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর এবং ঢাকা বিমানবন্দরে আমদানি-রপ্তানির বাণিজ্যিক কার্যক্রম ২৪ ঘণ্টা পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এই প্রস্তাবে সাড়া দিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সরকারের সব দপ্তর সম্মিলিতভাবে কাজ করবে যাতে ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি বন্দর ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করতে পারে। এর ফলে আমদানি-রপ্তানি প্রক্রিয়া আরও দ্রুত ও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
মাহদী আমিন আরও জানান, দীর্ঘ এই বৈঠকে বেসরকারি খাতের বিভিন্ন চ্যালেঞ্জ, বিদ্যমান সমস্যা এবং বিনিয়োগের সার্বিক পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে বিভিন্ন ইকোনমিক জোন, বেজা এবং বেপজায় বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিদ্যমান জটিলতা নিরসনের উপায় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এতে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা তাদের মতামত তুলে ধরেন।
সরকারের নীতিগত সহায়তার কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়তে চায় যেখানে বেসরকারি খাতের জন্য শক্তিশালী নীতি সহায়তা থাকবে। সরকারের মূল লক্ষ্য হলো তরুণ ও নারীদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টি করা। প্রধানমন্ত্রীর ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে ধারণ করেই আজকের আলোচনা হয়েছে। ব্যবসায়ীরা সরকারের এই জনবান্ধব উদ্যোগ এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন।