দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬) রাত ৯ টায় পার্বতীপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহমুদ হুসাইন রাজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ এবং পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী। পার্বতীপুর প্রেসক্লাবের আহ্বায়ক মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানটির আয়োজন করে পার্বতীপুর প্রেসক্লাব, দিনাজপুর। শপথ বাক্য পাঠ করান পার্বতীপুর প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মো. আলাউদ্দিন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। ১১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি মো. মাহফিজুল ইসলাম রিপন। কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন সহ-সভাপতি মো. আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন (মাই টিভি), যুগ্ম সম্পাদক মো. আব্দুল্যা আল মামুন (মিলন), কোষাধ্যক্ষ মো. এ.টি.এম জোবায়েদুর রহমান (জবা), দপ্তর সম্পাদক মো. আব্দুল জলিল সরকার এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. অহেদুল ইসলাম, যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. মোহসিন আলী, মো. সাজেদুর রহমান নওশাদ, মো. নুর আলম সিদ্দিক এবং মো. হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য, সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে পার্বতীপুর প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিত অতিথিবৃন্দ তাদের সফলতা কামনা করেন।