বিশ্বের ১৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১২টি ভেন্যু আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে আসন্ন চতুর্দশ এই আসরের ভেন্যুগুলোর নাম ঘোষণা করা হয়। এবারের টুর্নামেন্টের স্বাগতিক দেশ হিসেবে যৌথভাবে দায়িত্ব পালন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
ঘোষিত তালিকা অনুযায়ী, বিশ্বকাপের মোট ৫৪টি ম্যাচের সিংহভাগই অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার আটটি শহরে। এই শহরগুলো হলো— জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবেখা, কুগোম্পো সিটি, কেপ টাউন, পার্ল এবং ব্লুয়েমফন্টেইন। অন্যদিকে, জিম্বাবুয়েতে ম্যাচ আয়োজনের জন্য তিনটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো— হারারে স্পোর্টস ক্লাব, বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব এবং ভিক্টোরিয়া ফলসের মোসি-ওয়া-তুনিয়া। এছাড়া নামিবিয়ার একমাত্র ভেন্যু হিসেবে রাখা হয়েছে রাজধানী উইন্ডকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড। টুর্নামেন্টে জিম্বাবুয়েতে ৭ থেকে ১০টি এবং নামিবিয়ায় অন্তত ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স অথবা কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামকে।
বিশ্বকাপের অফিশিয়াল প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বেনোনি ও পচেফস্ট্রুমে। এই দুই ভেন্যুর পাশাপাশি আগামী বছরের শুরুতে নামিবিয়াতেও বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে দক্ষিণ আফ্রিকায় বাছাইপর্বের কোনো ম্যাচ রাখা হয়নি; কারণ ওই সময়ে দেশটির মূল ভেন্যুগুলোতে 'এসএ টি-টোয়েন্টি' টুর্নামেন্ট চলমান থাকবে।
ভেন্যু ঘোষণার পাশাপাশি বিশ্বকাপের অফিশিয়াল ব্র্যান্ড ও থিমও উন্মোচন করেছে আইসিসি। টুর্নামেন্টের ব্র্যান্ড নির্ধারণ করা হয়েছে— ‘মেইক দ্য সার্কল বিগাট’ এবং থিম রাখা হয়েছে— ‘থ্রি নেশনস, ওয়ান হার্টবিট’। জোহানেসবার্গের এই জমকালো অনুষ্ঠানে ক্রিকেট বিশ্বের একঝাঁক তারকা উপস্থিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে গ্রায়েম স্মিথ, মাখায়া এনটিনি, হাশিম আমলা, টেম্বা বাভুমা ও কাগিসো রাবাদা; জিম্বাবুয়ের পক্ষে হ্যামিল্টন মাসাকাদজা এবং নামিবিয়ার পক্ষে রুডলফ ইয়ানেস ভ্যান ভারেন এই অনুষ্ঠানে অংশ নেন।
এখনও বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা না হলেও, আগামী বছরের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বরের মধ্যে এই টুর্নামেন্ট মাঠে গড়াটার প্রবল সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল। তবে ক্রিকেট ইতিহাসের এই মর্যাদাপূর্ণ সংস্করণে এবারই প্রথম যৌথ আয়োজক হিসেবে নামিবিয়ার নাম যুক্ত হলো।