যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ইন-অ্যান্ড-আউট বার্গার রেস্তোরাঁয় ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১ আগস্ট) বিকেলের এই ঘটনায় একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।

টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস জানিয়েছেন, বন্দুকধারী নিজেও এই ঘটনায় নিহত হয়েছেন। তিনি আরও বলেন, বর্তমানে জনসাধারণের জন্য আর কোনো হুমকি নেই। তবে নিহত ও আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। হিকস জানান, ঘটনাস্থলে অত্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

প্রত্যক্ষদর্শী লেন কোয়েন ঘটনার বর্ণনা দিয়ে জানান, তিনি রেস্তোরাঁটির কাছে একটি ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি ড্রাইভ-থ্রু এলাকা থেকে এআর-ধরনের রাইফেল হাতে এক ব্যক্তিকে বেরিয়ে আসতে দেখেন। ঠিক তখনই পিস্তলধারী আরেক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালান। কোয়েন আরও জানান, রেস্তোরাঁর এক কর্মী বুকে গুলিবিদ্ধ এক নারীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং সাহায্যের জন্য অপেক্ষা করেন। সেই নারীর অবস্থা আশঙ্কাজনক ছিল।

শহরের মুখপাত্র জশ পামার জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হামলাকারী একজনই ছিলেন। তবে তার পরিচয় শনাক্ত এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, আইডাহোর সিনেটর মাইক ক্রাপো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জরুরি সেবাকর্মীদের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেন, আইডাহোর প্রথম সাড়াদানকারী সদস্যদের দ্রুত পদক্ষেপের জন্য আমি কৃতজ্ঞ।