বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট কর্মচারী ক্লাবে আয়োজিত এই নির্বাচনে কণ্ঠভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নেন জেলার ৭৬ জন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। এতে সভাপতি হিসেবে মো. সালাহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আক্তারুজ্জামান রিপন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন প্রক্রিয়ায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আলতাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গরীবে নেওয়াজ শাকিল এবং সহ-দপ্তর সম্পাদক মজিবুর রহমান উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি মো. সালাহ উদ্দিন তার প্রতিক্রিয়ায় বলেন, সহকর্মীদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি সংগঠনের ঐক্য, পেশাগত মর্যাদা এবং সদস্যদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। তার লক্ষ্য সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলা। সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান রিপন বলেন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং প্রশাসনিক কর্মকর্তাদের যৌক্তিক দাবি-দাওয়া বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।

নির্বাচন চলাকালীন জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। এছাড়া সভায় আগামী এক সপ্তাহের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের পারস্পরিক সম্মতিতে জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।