বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নবনিযুক্ত আইন কর্মকর্তাদের নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন একদল সংক্ষুব্ধ আইনজীবী। রোববার সকালে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারী আইনজীবীদের অভিযোগ, বিগত সময়ে নানা আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং জেল-জুলুমের শিকার যোগ্য অনেক আইনজীবীকে এই নিয়োগ প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, যোগ্যদের উপেক্ষা করে অর্থের বিনিময়ে এবং ‘গুপ্ত-সুপ্ত’ সুবিধাভোগী ব্যক্তিদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগের ক্ষেত্রে পেশাগত দক্ষতা, ত্যাগ ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে তা অনুসরণ করা হয়নি। নিয়োগ বাতিলের দাবিতে এ সময় আইনজীবীরা বিভিন্ন স্লোগান দেন এবং যোগ্য ও আন্দোলন-সংগ্রামে সম্পৃক্তদের নতুন করে নিয়োগ দেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, গত ৩০শে জুলাই আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্ববর্তী সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে। একই সঙ্গে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে।