প্রবাসীদের পাসপোর্ট নবায়নের ঝুলে থাকা আবেদন আগামী ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে পাসপোর্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানির পর রোববার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন আদেশ দেন। আদালত নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলেছে।

একইসঙ্গে আদালত একটি রুল জারি করেছে। এতে প্রবাসীদের পাসপোর্ট ইস্যু ও নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ সচিব, আইন সচিব ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ মোট ১৪ জনকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালত আরও নির্দেশ দিয়েছে যে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে আগামী ২১ দিনের মধ্যে বিদেশে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন ও দূতাবাসগুলোকে চিঠি পাঠাতে হবে। এই চিঠির মাধ্যমে প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত পাসপোর্ট অফিসে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এই রিট আবেদনটি করেন। শুনানিতে তিনি বলেন, প্রবাসীদের নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন দিনের পর দিন ঝুলে থাকায় তারা চরম ভোগান্তিতে পড়ছেন। অনেক প্রবাসী পাসপোর্ট নবায়ন করতে না পারায় ভিসা নবায়ন করতে পারছেন না, ফলে তারা অবৈধ হওয়ার ঝুঁকিতে পড়ছেন এবং অনেকের চাকরি হারানোর ঘটনাও ঘটছে। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জিসান হায়দার।

রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, পাসপোর্ট ইস্যু ও নবায়নে দীর্ঘসূত্রতা সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে বর্ণিত আইনের আশ্রয় লাভ এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের পরিপন্থি। এছাড়া এটি সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনের বাধ্যবাধকতা সংক্রান্ত সংবিধানের ২১ অনুচ্ছেদেরও লঙ্ঘন। আবেদনে আরও বলা হয়, পাসপোর্ট অফিসের প্রিন্টিং প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও সিরিয়াল ব্যবস্থাপনায় অবহেলার কারণে প্রবাসীদের আইনি মর্যাদা, জীবিকা এবং মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে, যা দেশের রেমিটেন্স প্রবাহ ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ।