শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উপকণ্ঠে অবস্থিত মাহারা কারাগারে বন্দীদের মধ্যে ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন বন্দী নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। গতকাল শনিবার কারাগারের ভেতরে বন্দীরা একাধিক ভবন ভাঙচুর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

কারাগারের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশের উপমহাপরিদর্শক সঞ্জীবা মেদাওয়াত্তে। তিনি জানান, কারাগারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং বন্দীদের নিজ নিজ সেলে ফিরিয়ে নিতে সশস্ত্র বাহিনী ও স্পেশাল টাস্ক ফোর্সের কমান্ডোদের সহায়তা নেওয়া হয়েছে। আজ রোববার থেকে কয়েকশ সেনাসদস্য ও এলিট কমান্ডো সেখানে মোতায়েন করা হয়েছে।

মেদাওয়াত্তে আরও জানান, দাঙ্গার সময় বন্দীরা কারাগারের রান্নাঘর, হাসপাতাল, নবনির্মিত পুনর্বাসন ভবন এবং কারিগরি প্রশিক্ষণকেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। ৪ হাজার ১০০ জন বন্দী থাকা এই কারাগারটির ধারণক্ষমতা প্রয়োজনের তুলনায় চার গুণ কম। শ্রীলঙ্কার অধিকাংশ কারাগারেই বর্তমানে এ ধরনের অতিরিক্ত বন্দীর চাপ রয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২০ সালের নভেম্বরে মাহারা কারাগারে দাঙ্গার সময় গুলিতে ১১ জন বন্দী নিহত ও প্রায় ১২০ জন আহত হয়েছিলেন।