ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার বিলোপ নিশ্চিত করতে ১৯৭২ সালের সংবিধান বাতিল করা জরুরি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) অডিটোরিয়ামে এবি পার্টি আয়োজিত ‘৩৬ জুলাইয়ের অবদান বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা’ শীর্ষক এক সংলাপে তিনি এ কথা বলেন।
ফরহাদ মজহার বলেন, বর্তমান সংবিধানে একদিকে জনগণকে সকল ক্ষমতার মালিক বলা হলেও অন্যদিকে সংবিধানকেই সর্বোচ্চ কর্তৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে, যা মূলত জনগণের সার্বভৌম ক্ষমতাকে খর্ব করে। তিনি আরও বলেন, একাত্তর নিয়ে কোনো ধরনের আপস বা সমঝোতার সুযোগ নেই, কারণ একাত্তরের মাধ্যমেই বাঙালি জনগোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার অবসান ঘটাতে হলে ১৯৭২ সালের সংবিধান পুনর্বিবেচনা নয়, বরং তা বাতিল করা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এই গণঅভ্যুত্থানের মতো এত বড় ঘটনা কেউ কল্পনাও করেননি। এটি হঠাৎ ঘটেনি; এর পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া কাজ করেছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পুরোনো রাজনৈতিক কাঠামো বা প্রচলিত ধারণা নিয়ে এগোনো ভুল হবে বলে তিনি সতর্ক করেন।
ফরহাদ মজহারের মতে, একটি টেকসই রাষ্ট্র গঠন করতে হলে সেক্যুলার ও দক্ষিণপন্থী ধারার মধ্যে রাজনৈতিক ঐক্যের সেতুবন্ধন তৈরি করা অপরিহার্য। অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে যদি অবৈধ বলা হয়, তবে একই সাংবিধানিক ধারাবাহিকতায় অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারকেও অবৈধ বলতে হবে।