পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা এলাকায় একটি মুদি দোকানে চুরির সময় স্থানীয় জনতার গণপিটুনিতে সুমন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাত প্রায় ১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সুমন একই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা এলাকার মৃত বয়েন মণ্ডলের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে মুদি ব্যবসায়ী হবিবুল ইসলামের দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন সুমন। দোকানের পাশেই বসতবাড়ি হওয়ায় শব্দ পেয়ে হবিবুল ইসলাম বাইরে বের হয়ে তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় সুমন ধারালো অস্ত্র দিয়ে হবিবুল ইসলাম ও তার দুই ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।
তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে সুমনকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত দোকানি হবিবুল ইসলাম ও তার দুই ছেলে বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১০: ২০আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১০: ২৬