চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা মামলার আসামি মো. দিদার আলম ও আফসার মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এই দুইজন শীর্ষ সন্ত্রাসী রায়হানের অনুসারী। সীতাকুণ্ড এলাকা থেকে গত রাতে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে রাউজানে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ির পেছন থেকে ৭.৬৫ বোরের একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত এই ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ মোট ১৬টি মামলা রয়েছে।

সোমবার সকালে ষোলশহর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এই গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। একই দিনে জেলা পুলিশ পৃথক দুটি অভিযানে আরও চারজন হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে। এর মধ্যে হাটহাজারীর মেখল এলাকায় নুরুল আজিম হত্যা মামলার প্রধান আসামি দিদারুল আলমকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কিরিচ ও ধারালো অস্ত্র জব্দ করা হয়। এছাড়া মীরসরাইয়ের হিংগুলি এলাকায় নাজিম হত্যা মামলার আসামি রনি ও বোরহানকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।