পরিবেশ সংরক্ষণে দেশের সকল নাগরিককে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি দেশবাসীর প্রতি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকার পাশাপাশি প্রতিটি নাগরিকেরই গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তিনি বলেন, নাগরিক হিসেবে আমরা যদি প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, তবেই একটি সুন্দর দেশ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, আসুন আমরা সবাই আমাদের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হই। সম্মিলিত প্রচেষ্টা ও ছোট ছোট উদ্যোগের মাধ্যমেই দেশের জন্য বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন।