নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবে রাতের আঁধারে দুর্বৃত্তরা ব্যাপক তাণ্ডব, ভাঙচুর ও চুরির ঘটনা ঘটিয়েছে। সোমবার সকালে সাধারণ সম্পাদক রফিকুল হক প্রেসক্লাবে প্রবেশ করে এই ধ্বংসযজ্ঞের চিত্র দেখতে পান। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত এ নিয়ে মোট চারবার প্রেসক্লাবে চুরির ঘটনা ঘটল। এর আগের তিনটি চুরির ঘটনায় থানায় পৃথক তিনটি অভিযোগও দায়ের করা হয়েছিল।
ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, দুর্বৃত্তরা প্রেসক্লাব থেকে একটি টেলিভিশন, পানির মোটর, চারটি বৈদ্যুতিক পাখা, দুটি কম্পিউটার ও স্পিকারসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। একই সাথে ক্লাবের ভেতরে ব্যাপক ভাঙচুর চালিয়ে আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী নষ্ট করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক জানান, সকালে লোকজন নিয়ে ক্লাব পরিষ্কার করতে গিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করেই সবকিছু এলোমেলো ও কাঁচের সরঞ্জাম ভাঙা অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি অন্য সাংবাদিক ও পুলিশকে অবহিত করেন। ঘটনার খবর পেয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৪৩ বছরের ঐতিহ্যের ধারক এই প্রেসক্লাবটি সাংবাদিক সমাজের গর্ব। একের পর এক চুরির ঘটনা ও অবহেলার কারণে এমন করুণ পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। এটি শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়, আমাদের ইতিহাস ও আবেগেরও ক্ষতি। তিনি দ্রুত ক্লাবের সংস্কার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।