একাডেমিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম জোরদারের লক্ষ্যে চীনের 'জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটি'-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। সোমবার (৩ আগস্ট ২০২৬) ইউল্যাব প্রাঙ্গণে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই দ্বিপাক্ষিক চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সুবিধা ও উন্নয়ন নিশ্চিত করতে একাডেমিক বিনিময়, সাংস্কৃতিক আদান-প্রদান, যৌথ গবেষণা ও প্রযুক্তি বিকাশসহ বহুমুখী সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে। এই অংশীদারিত্বের মধ্য দিয়ে ইউল্যাব ও জিয়াংসি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাল। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের আন্তর্জাতিক মানের গবেষণা এবং শিক্ষা বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন তাদের ‘ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড এক্সচেঞ্জ’-এর পরিচালক শেন গুইহুয়া। অন্যদিকে ইউল্যাবের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা।
অনুষ্ঠানে চীনা প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির স্কুল অব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডেপুটি ডিন তং ঝিনেং এবং সহযোগী অধ্যাপক ঝোউ শিয়াওটিং। ইউল্যাবের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, বিশেষ উপদেষ্টা (বোর্ড অব ট্রাস্টিজ) ও কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.) সহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও প্রশাসনিক দপ্তরের প্রধানগণ।