মঙ্গলবার ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। দিনের শুরুতেই এই বৃষ্টির কারণে কর্মজীবী মানুষ কিছুটা ভোগান্তিতে পড়েছেন। বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চলাচল ধীর হয়ে গেছে। কোথাও গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুধু ঢাকা নয়, মঙ্গলবার (৪ আগস্ট) দেশের বিভিন্ন অঞ্চলেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় সক্রিয় থাকায় এই বৃষ্টিপাতের প্রবণতা আগামীতে অব্যাহত থাকতে পারে।