আগামী ৬ আগস্ট, বৃহস্পতিবার থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এর আগে বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই জাদুঘরের উদ্বোধন করবেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী পুরো জাদুঘরটি ঘুরে দেখবেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের প্রথম দিন অর্থাৎ বুধবার জাদুঘরটি শুধুমাত্র শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। পরদিন থেকে সাধারণ দর্শনার্থীরা নির্ধারিত টিকেট কেটে ভেতরে প্রবেশ করতে পারবেন।
জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টায় জাদুঘরের উদ্বোধন করবেন। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি নেওয়া হয়েছে এবং বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে একটি বর্ণাঢ্য কনসার্টের আয়োজন রয়েছে।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, জুলাই জাদুঘর নির্মাণ বা ব্যবস্থাপনা নিয়ে কোনো সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আরও জানান, সময়ের সঙ্গে সঙ্গে এই জাদুঘরকে আরও সমৃদ্ধ ও পরিপূর্ণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সংস্কৃতিজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানের শেষ পর্বে জাদুঘরের মহাপরিচালক আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানাবেন।