নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়ার নন্দুরা গ্রামে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে রিপন মিয়া (রিপন ভিডিও) নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে আটক করেছে স্থানীয়রা। গত সোমবার (৩ আগস্ট) বিকেলে ওই কিশোরীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনার পর গ্রামবাসী তাকে আটকে রেখে গ্রাম্য সালিশ বৈঠকের আয়োজন করে। বৈঠকে অভিযোগ প্রমাণিত হওয়ায় রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাকে নন্দুরা গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। জানা গেছে, রিপন মিয়া সম্প্রতি নন্দুরা গ্রামে জমি কিনে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেছিলেন।
এর আগেও রিপন মিয়া বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত হয়েছিলেন। সে সময় তার বিরুদ্ধে স্ত্রী-সন্তানের পরিচয় গোপন রাখা এবং বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা না করার অভিযোগ উঠেছিল। তখন নিজ মায়ের কাছে ক্ষমা চেয়ে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন।
অভিযোগের বিষয়ে রিপন মিয়ার বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। অন্যদিকে, নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখার পর পুলিশ প্রাথমিকভাবে তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছে এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।