জাপানের টোকিও মহানগর এলাকার হিনো শহরে অবস্থিত ‘তমা জুওলজিক্যাল পার্ক’-এ তীব্র তাপদাহের কারণে হিট স্ট্রোক বা ‘হিট স্ট্রেস’-এ আক্রান্ত হয়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে তিনটি সিংহীর মৃত্যু হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুলাইয়ের শেষ দিকে সিংহের খাঁচায় থাকা একাধিক সিংহীর মধ্যে ক্লান্তি এবং খাওয়ায় অরুচিসহ বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতি পর্যবেক্ষণের পর কর্তৃপক্ষ সিংহ প্রদর্শনী বন্ধ ঘোষণা করে।
আক্রান্ত সিংহীগুলোকে বাঁচানোর জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ ফ্যান, ওয়াটার স্প্রে, স্যালাইন ও বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগের মাধ্যমে তাপমাত্রা কমানোর আপ্রাণ চেষ্টা চালায়। মোট ১০টি সিংহকে চিকিৎসার আওতায় আনা হলেও শেষ পর্যন্ত তিনটিকে বাঁচানো সম্ভব হয়নি। গত ২৮ জুলাই ৩ বছর বয়সি সিংহী ‘মুগি’ প্রথম মারা যায়। এর তিন দিন পর ৩১ জুলাই ১১ বছর বয়সি ‘ইচিগো’ এবং সবশেষ গত রোববার (২ আগস্ট) ১৫ বছর বয়সি ‘লুয়েনা’র মৃত্যু হয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, তাপদাহের প্রভাবেই এই সিংহীগুলোর মৃত্যু হয়েছে। যদিও ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি, তবে তিনটি সিংহীর শরীরেই পানিশূন্যতা এবং অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়ার স্পষ্ট আলামত পাওয়া গেছে। চিড়িয়াখানায় থাকা অন্য সিংহগুলোর মধ্যে চারটির শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনো তিনটি সিংহ চিকিৎসাধীন রয়েছে।