সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে প্রবেশ করায় ছয়টি হাউজবোটকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্টে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষায় কয়েকদিন আগে ইসিএভুক্ত এলাকায় হাউজবোট প্রবেশ নিষেধসহ ১১ দফার একটি নির্দেশনা জারি করা হয়েছিল। সেই নির্দেশনা অমান্য করে মঙ্গলবার অধিকাংশ হাউজবোট সংরক্ষিত এলাকায় প্রবেশ করলে জেলা প্রশাসন হাওরে অভিযান পরিচালনা করে।
অভিযানে জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয়টি হাউজবোটকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি নির্দেশনা অমান্য করায় এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।