জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্য করে তোলার চেষ্টা চলছে। মঙ্গলবার রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার ও হল দখলের পাঁয়তারা শুরু হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতৃত্বের ওপর হামলা চালানো হয়েছে। এছাড়া ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে তিনি দাবি করেন। তিনি হবিগঞ্জে আলিফ নামের এক কর্মীর চোখ উপড়ে ফেলার ঘটনারও তীব্র নিন্দা জানান।
বর্তমান সরকারকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নির্বিঘ্ন রাখুন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের গণতান্ত্রিক ধারা বজায় রাখুন। ক্ষমতার দাপটে সবকিছু দখলের চিন্তা শেখ হাসিনা করেছিলেন, যার পরিণতি সবার জানা। তিনি ছাত্রদের সাথে কোনো সংঘাতে না জড়ানোর জন্য সরকারের প্রতি সতর্কবার্তা প্রদান করেন।
জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এই শিক্ষার্থীরা আন্দোলনের ট্রাম্প কার্ডের মতো ভূমিকা রেখেছিল। ১৭ জুলাই দমন-পীড়নের পর যখন পরিস্থিতি অনিশ্চিত ছিল, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই হাল ধরেছিল। তিনি এই অবদানের স্বীকৃতি ও যথাযথ ডকুমেন্টেশনের দাবি জানিয়ে বলেন, বর্তমান সরকার এ নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেনি।
অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।