যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ কোর্সের কাছ থেকে জিনিন জন টায়েলে নামের ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষ। লস অ্যাঞ্জেলেসের র্যাঞ্চো পালোস ভার্দেসে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্সের কাছে তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। ওই সময় তিনি ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করছিলেন।
লস অ্যাঞ্জেলেস শেরিফের কার্যালয় জানিয়েছে, রোববার দুপুরের পর সাদাপোশাকধারী ফেডারেল এজেন্টরা স্থানীয় কর্তৃপক্ষকে এই সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে সতর্ক করলে পুলিশ তাকে আটক করে। জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ওই গলফ কোর্সে একটি তহবিল সংগ্রহের নৈশভোজে অংশ নেওয়ার কথা ছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত জিনিন জন টায়েলে এল সেগুন্ডো পুলিশ বিভাগের একটি ডাকাতির ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আগে থেকেই নজরদারিতে ছিলেন। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালায়।
তল্লাশির সময় তার বাড়ি থেকে একটি এআর-প্ল্যাটফর্ম রাইফেল, একটি পয়েন্ট ৪৫ ক্যালিবার পিস্তল, বডি আর্মার, উচ্চ ধারণক্ষমতার ম্যাগাজিন এবং পিস্তল ও রাইফেলের বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া তার কাছ থেকে উদ্বেগজনক বক্তব্যসংবলিত বেশ কিছু নোটবইও জব্দ করেছে পুলিশ। বর্তমানে ঘটনাটির তদন্ত চলছে এবং কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে।