বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে শাহবাগ জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনার আলোকেই বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুনঃনির্মাণ করা হবে। তিনি আরও জানান, এই লক্ষ্য অর্জনে জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মন্ত্রী বলেন, তিনি নিরলসভাবে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন এবং এখন প্রধানমন্ত্রী হিসেবে দেশ গড়ার যাত্রা শুরু করেছেন। তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সরকার এগিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আহমেদ আযম খান বলেন, যে সকল রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ গত ১৮ বছর ধরে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই গণঅভ্যুত্থান সৃষ্টি করেছেন এবং ছাত্র-জনতাকে সহায়তা করেছেন, তাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। সামান্য স্বার্থের জন্য জাতিকে দ্বিধাবিভক্ত না করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কেউ যদি ফ্যাসিবাদের মতো আচরণ করে দেশকে বিভক্ত করার চেষ্টা করেন, তবে তা জনগণ মেনে নেবে না। তিনি বলেন, জনগণ এখন সমৃদ্ধি ও গণতন্ত্র চায় এবং কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার সকলের অংশগ্রহণ ও ভূমিকার মাধ্যমে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক জাতি গঠন প্রত্যাশা করে।