ইনজুরি থেকে সুস্থ হয়ে মাঠে ফিরেই নিজের পুরোনো ছন্দের ঝলক দেখালেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তার করা একটি দুর্দান্ত অ্যাসিস্টের সুবাদে কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে সান্তোস। মাঙ্গুয়েরাও স্টেডিয়ামে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে রেমোকে ১-০ ব্যবধানে পরাজিত করে দলটি।
ম্যাচের শুরু থেকেই উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। প্রথম মিনিটেই সান্তোসের গ্যাব্রিয়েল মেনিনো প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ান। অন্যদিকে রেমোর হয়ে আলেফ মাঙ্গা ও জাজা পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরির চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হয়। ম্যাচের ২৭তম মিনিটে বড় ধরনের বিপাকে পড়ে স্বাগতিকরা। ডি-বক্সের বাইরে রেমোর ডিফেন্ডার মারলন ফাউল করলে রেফারি অ্যান্ডারসন দারোনকো প্রথমে তাকে হলুদ কার্ড দেখান। পরবর্তীতে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং মারলনকে সরাসরি লাল কার্ড দেখানো হয়। ফলে রেমো ১০ জনের দলে পরিণত হয়।
দ্বিতীয়ার্ধে সান্তোস কোচ কুকা নেইমারকে মাঠে নামান। বদলি হিসেবে নেমেই ম্যাচে নিজের প্রভাব বিস্তার করেন এই ফরোয়ার্ড। ম্যাচের ৭৪তম মিনিটে জে ওয়েলিসনের কাছ থেকে বল কেড়ে নিয়ে নেইমার বাঁ প্রান্ত দিয়ে রেমোর রক্ষণভাগ ভেঙে বক্সে প্রবেশ করেন। এরপর রনির উদ্দেশে তিনি এক নিখুঁত পাস বাড়িয়ে দেন, যা থেকে রনি গোল করে সান্তোসকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
ম্যাচের শেষদিকে সমতায় ফেরার একটি সুযোগ পেয়েছিল রেমো, তবে ভিতোরের একটি ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে এলে সান্তোস রক্ষা পায়। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা। এই জয়ের ফলে কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি সান্তোস প্রায় ৪ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল প্রাইজমানিও অর্জন করেছে। ইনজুরি থেকে ফিরে নেইমারের এই পারফরম্যান্স দলের পরবর্তী যাত্রায় বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সমর্থকরা।