ফরিদপুরের সালথা উপজেলায় পৃথক দুটি ঘটনায় সাপের কামড়ে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেলের মধ্যে উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল ও সোনাতন্দী গ্রামে এসব দুর্ঘটনা ঘটে। বল্লভদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া নারীর নাম সরস্বতী মণ্ডল (৪২), তিনি পিসনাইল গ্রামের প্রেমানন্দ মণ্ডলের স্ত্রী। পরিবারের তথ্যমতে, মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে কাজ করার সময় অসাবধানতাবশত একটি গর্তে পা দিলে বিষধর সাপ তাঁকে কামড় দেয়। স্বজনেরা তাঁকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অপরদিকে সোনাতন্দী গ্রামের সাইদুল মোল্লার তিন বছর বয়সী মেয়ে সাকিবা আক্তার মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলার সময় একটি ইঁদুরের গর্তে হাত দিলে সাপের কামড়ের শিকার হয়। স্বজনেরা শুরুতে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান, কিন্তু কবিরাজ সাপে কামড়ানোর কোনো আলামত নেই বলে জানান। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পাশের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।