স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের নির্মাতাদের (ক্রিয়েটর) জন্য ডিজনির সিনেমা ও টিভি অনুষ্ঠানের চরিত্র ব্যবহারের সুযোগ উন্মুক্ত করা হয়েছে। বুধবার ওয়াল্ট ডিজনি ও টিকটক এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে। কোনো মূলধারার গণমাধ্যমের সঙ্গে টিকটকের এটিই প্রথম কোনো চুক্তি।

দুই প্রতিষ্ঠানের যৌথ বিবৃতি অনুযায়ী, এই চুক্তির আওতায় টিকটকের নির্মাতারা পিক্সার, মার্ভেল, স্টার ওয়ার্স ও এফএক্স ব্র্যান্ডের শত শত চলচ্চিত্র এবং সিরিজের উপাদান ব্যবহার করে সৃজনশীল ভিডিও তৈরি করতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে মোবাইল ফোনের ছোট ও উল্লম্ব পর্দায় ভিডিও দেখতে অভ্যস্ত তরুণ দর্শকদের আরও নিবিড়ভাবে আকৃষ্ট করার পরিকল্পনা রয়েছে ডিজনি প্লাসের।

চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, টিকটকের বাছাই করা কিছু ভিডিও ডিজনির স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাসেও প্রদর্শিত হবে। ডিজনি প্লাসে ভিডিওগুলো ‘ভার্টস’ নামে একটি নতুন ট্যাবের অধীনে দেখা যাবে। এর আগে কখনো টিকটকের ভিডিও অন্য কোনো প্ল্যাটফর্মে প্রদর্শিত হয়নি। আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি চালু হবে এবং পরবর্তীতে অন্যান্য দেশেও তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তবে এই চুক্তির আর্থিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ডিজনির প্রধান বিপণন ও ব্র্যান্ড কর্মকর্তা আসাদ আয়াজ বলেন, গল্প বলা আর সেই গল্পকে ঘিরে ভক্তদের সৃজনশীল প্রকাশের মধ্যে এই অংশীদারত্ব নতুন এক সেতুবন্ধন তৈরি করবে। তিনি আরও উল্লেখ করেন, ভালো গল্পকারের শুরুটা মূলত একজন ভক্ত হিসেবেই হয়।

বিশ্লেষকদের মতে, এই অংশীদারত্ব ডিজনি প্লাসে নতুন ধরনের কনটেন্ট যুক্ত করার পাশাপাশি দর্শক সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করবে। টিকটকের তথ্যমতে, গত বছর প্ল্যাটফর্মটির ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে ৬৫ লাখ চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠান-সংশ্লিষ্ট পোস্ট শেয়ার করেছেন। এছাড়া এক জরিপে দেখা গেছে, টিকটকে কনটেন্ট দেখার পর প্রায় অর্ধেক দর্শক সংশ্লিষ্ট সিনেমা বা টিভি অনুষ্ঠানটি দেখার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন।