বাংলাদেশে ভারতীয় ভিসা এবং অন্যান্য কনস্যুলার সেবার নামে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি সতর্কবার্তায় হাইকমিশন জানায় যে, একটি প্রতারক চক্র নিজেদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। এই চক্রটি অর্থের বিনিময়ে ভিসা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে।

ভারতীয় হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ই-মেইলের মাধ্যমে সরাসরি ভিসা প্রদানের কোনো প্রস্তাব দেন না এবং কোনো ধরনের অর্থও দাবি করেন না। সব ধরনের ভিসা আবেদনের প্রক্রিয়া নির্ধারিত সরকারি নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হয়।