মাগুরায় জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্বৃত্তরা এ সময় দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায়, যার ফলে বাড়ির কাচের জানালা ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে হামলার সময় বাড়িতে সাকিব আল হাসান বা তাঁর পরিবারের কেউ ছিলেন না।

উল্লেখ্য, হামলার দিন সন্ধ্যায় ভারতে ফরেন প্রেস ক্লাবে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন সাকিব।

বর্তমানে সাকিব আল হাসান বিভিন্ন আইনি জটিলতার মুখে রয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আদাবরে রুবেল নামের এক পোশাককর্মী নিহতের ঘটনায় তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলার কারণে তিনি বর্তমানে দেশে ফিরতে পারছেন না। এছাড়া চেক জালিয়াতি ও প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে আরও মামলা রয়েছে। মামলার নথিপত্র অনুযায়ী, সাকিবের মালিকানাধীন ‘এগ্রো ফার্ম’-এর ব্যবসায়িক প্রয়োজনে আইএফআইসি ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছিল। পরবর্তীতে ৪১ লাখ ৫০ হাজার টাকার দুটি চেক দেওয়া হলেও পর্যাপ্ত তহবিল না থাকায় ব্যাংক সেগুলো প্রত্যাখ্যাত (ডিশঅনার) করে।