চীনের হেনান প্রদেশে এক তরুণ কর্মীর মায়ের প্রতি অকৃতজ্ঞ আচরণের জেরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ধুমধাম করে আয়োজিত নিজের বিয়ের অনুষ্ঠানে মাকেই দাওয়াত দেননি ওই তরুণ। কারণ হিসেবে জানা গেছে, মায়ের সাধারণ চেহারা নিয়ে তিনি লজ্জিত ছিলেন। তাঁর ভয় ছিল, মা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকলে অতিথিদের সামনে তাঁকে বিব্রত হতে হবে।
তরুণের এই কর্মকাণ্ডের বিষয়টি জানাজানি হয় তাঁর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুই পেইচুনের মাধ্যমে। বিয়ের আয়োজনে কিছু একটা অসংগতি লক্ষ্য করে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন যে, বর নিজের মাকেই দাওয়াত দেননি। শুধু তাই নয়, বিয়ের দিন মা অনুষ্ঠানস্থলের পাশে কারখানার কাছে একা বসে ছিলেন।
মায়ের প্রতি এই অমানবিক ও অকৃতজ্ঞ আচরণ জানার পর সুই পেইচুন সঙ্গে সঙ্গে ওই তরুণকে চাকরি থেকে বরখাস্ত করেন। তিনি সাফ জানিয়ে দেন, এই কর্মীর প্রতি প্রতিষ্ঠান কোনো দয়া প্রদর্শন করবে না। এমনকি চাকরি ফিরে পাওয়ার জন্য ওই তরুণ আকুতি-মিনতি করলেও তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন।
ঘটনাটি সম্প্রতি হেনান কুয়াংশান ক্রেন কোম্পানির শিক্ষানবিশ কর্মীদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশ্যে আনেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুই পেইচুন। তরুণ কর্মীদের কাজের ক্ষেত্রে নীতিনৈতিকতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি এই উদাহরণ তুলে ধরেন।
প্রতিবেদনে আরও জানা যায়, দুই বছর বয়সে বাবার মৃত্যুর পর মা একাই কষ্ট করে সন্তানকে বড় করেছিলেন। কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর সেই সন্তানই মাকে নিয়ে লজ্জা পাচ্ছেন। এদিকে, চাকরিচ্যুত ওই বৃদ্ধা মায়ের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে সুই পেইচুন তাঁকে নিজের প্রতিষ্ঠানে একই বেতনে কাজের সুযোগ করে দিয়েছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।