দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে সংসদ সচিবালয়। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোটার তালিকা পাওয়ার পর এখন নির্বাচনের তারিখ এবং সময়সূচি নির্ধারণের বিষয়ে আলোচনা করা হবে।

এর আগে গত সোমবার নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন যে, কমিশন সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চেয়ে অনুরোধ করেছিল। তিনি বলেছিলেন, ভোটার তালিকা পাওয়ার পরে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এবং শিডিউল এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর থেকেই কমিশন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে কেবল সংসদ সদস্যরা ভোট প্রদান করে থাকেন। তাই সংসদ সদস্যদের তালিকা অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ বিষয়ে সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন।