জামায়াতের সঙ্গে জোটে এনসিপিতে ভাঙন, একের পর এক পদত্যাগে চরম অস্থিরতা
Thank you for reading this post, don't forget to subscribe!জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট গঠনের সিদ্ধান্তের পর থেকেই চরম সংকটে পড়েছে ২৪-এর গণঅভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ভেতরে শুরু হয়েছে নজিরবিহীন অস্থিরতা, একের পর এক পদত্যাগে কার্যত টালমাটাল অবস্থায় পৌঁছেছে এনসিপি।
দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে শীর্ষ পর্যায়ের অন্তত ১৭ জন নেতা পদত্যাগ করেছেন। আরও বেশ কয়েকজন প্রভাবশালী নেতার পদত্যাগ আসন্ন—এমন গুঞ্জনও রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে। কখন কে দল ছাড়বেন, সে বিষয়ে নিশ্চিত নন এনসিপির কেন্দ্রীয় নেতারাও।
পদত্যাগকারী নেতাদের অভিযোগ, গণঅভ্যুত্থানের আদর্শ থেকে সরে গিয়ে এনসিপি এখন একটি নির্দিষ্ট ডানপন্থি রাজনৈতিক ধারায় ঢুকে পড়ছে। অনেকেই বলছেন, ‘জামায়াত ট্যাগ’ বহনের দায় নিতে না পেরে এবং আদর্শিক অবস্থান রক্ষার স্বার্থেই দল ছাড়তে বাধ্য হয়েছেন তারা।
সম্প্রতি পদত্যাগ করা এনসিপি নেত্রী নীলিমা দোলা কড়া ভাষায় অভিযোগ করে বলেন,
“নেতাকর্মীদের অন্ধকারে রেখে জামায়াতের সঙ্গে জোট করা হয়েছে। মনোনয়ন দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণা করা হয়েছে। এনসিপি এখন সম্পূর্ণভাবে ডানপন্থি রাজনীতির পৃষ্ঠপোষকতায় নেমেছে।”
এদিকে দলের ভেতরে থাকা নেতাকর্মীদের মাঝেও আদর্শিক দূরত্ব ক্রমেই স্পষ্ট হচ্ছে। নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূলের অনেকে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে দলের হাইকমান্ড।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের সঙ্গে এই জোট এনসিপির জন্য একটি গুরুতর আদর্শিক ঝুঁকি তৈরি করেছে। জুলাই গণঅভ্যুত্থানের শক্তির এমন বিভাজনকে তারা হতাশাজনক বলেও মন্তব্য করেছেন।
নিজেদের মধ্যপন্থি রাজনৈতিক দল হিসেবে তুলে ধরলেও, জামায়াতের সঙ্গে জোটের ফলে এনসিপির সেই পরিচয় এখন প্রশ্নবিদ্ধ। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে দলটি কার্যত তার মধ্যপন্থি চরিত্র হারিয়ে ডানপন্থি শক্তিতে রূপ নিচ্ছে, যা ভবিষ্যতে এনসিপির রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 



















