আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে এখনো সমান সুযোগের পরিবেশ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়নি বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, মাঠ প্রশাসনে দলীয় প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে, যার ফলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
তিনি বলেন, বর্তমানে মাঠ প্রশাসনে নিয়োজিত জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) একটি অংশ নিরপেক্ষ ভূমিকা না রেখে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে সক্রিয় রয়েছেন। এতে নির্বাচনী পরিবেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ অবস্থায় বিতর্কিত ডিসি ও এসপিদের দ্রুত বদলির দাবি নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে।
ডা. তাহের আরও অভিযোগ করেন, প্রার্থিতা যাচাইয়ের ক্ষেত্রেও চরম বৈষম্য করা হচ্ছে। তার ভাষায়, বিএনপির একাধিক প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও মনোনয়ন গ্রহণ করা হয়েছে, অথচ একই আইনে জামায়াতের প্রার্থীদের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দ্বিমুখী নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াত।
নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, একটি নির্দিষ্ট দলকে অতিরিক্ত সুযোগ দেওয়া হচ্ছে, যা সমান প্রতিযোগিতার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি জানান, নির্বাচনকালীন সময়ে টেলিভিশনসহ সব গণমাধ্যমকে নিরপেক্ষ আচরণ করতে হবে।
সবশেষে জামায়াতের এই নেতা বলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে দ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা জরুরি। এ বিষয়ে নির্বাচন কমিশন কার্যকর উদ্যোগ নেবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 










