নির্বাচন বানচালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা আদিলুর রহমান
Thank you for reading this post, don't forget to subscribe!
ডেস্ক রিপোর্ট:
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার ফেরিঘাট এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে কেউ অপচেষ্টা চালালে রাষ্ট্র নীরব থাকবে না।
আদিলুর রহমান বলেন, “নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই। যারা অতীতে নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে, তারা আজ দেশ ছেড়ে পালিয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে জনগণ সচেতন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগে প্রস্তুত।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের উসকানি, গুজব বা সহিংস কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে। একই সঙ্গে নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।
উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, সকল রাজনৈতিক দল ও পক্ষ শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রমে অংশ নেবে এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে সহযোগিতা করবে। জনগণের জানমাল ও ভোটাধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর।
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 










