নওগাঁ জেলা প্রতিনিধি :
Thank you for reading this post, don't forget to subscribe!বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজ ক্যাম্পাসে চলছে বর্ণিল প্রস্তুতি। পহেলা বৈশাখকে ঘিরে কলেজ প্রাঙ্গণজুড়ে আঁকা হয়েছে দৃষ্টিনন্দন আলপনা, যা ইতোমধ্যে দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে।
সরেজমিনে দেখা যায়, কলেজের মূল ফটক থেকে প্রশাসনিক ভবন ও শহীদ মিনার সংলগ্ন এলাকাজুড়ে রঙিন তুলির আঁচড়ে ফুটে উঠেছে বাংলার ঐতিহ্যবাহী রূপ। আলপনায় স্থান পেয়েছে গ্রামীণ জীবনের নানা উপাদান—মাছ, পাখি, ফুল, লতাপাতা, কুলা-পঙ্খা এবং জ্যামিতিক নকশা। লাল, সাদা, হলুদ ও নীল রঙের সমন্বয়ে পুরো ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
এই আয়োজন বাস্তবায়নে অংশ নিয়েছেন কলেজের শিক্ষার্থীরা। তারা জানান, বাংলা সংস্কৃতিকে ধারণ ও নববর্ষকে বরণ করতেই তারা স্বতঃস্ফূর্তভাবে এই কাজে যুক্ত হয়েছেন।
কলেজ কর্তৃপক্ষ জানায়, প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখ উপলক্ষে নানা আয়োজন রাখা হয়েছে। আলপনার পাশাপাশি নববর্ষের দিন মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
ইতোমধ্যে আলপনা দেখতে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের ভিড় বাড়তে শুরু করেছে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এসে ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করছেন।
নজিপুরবাসীর কাছে এবারের এই আয়োজন নতুন মাত্রা যোগ করেছে নববর্ষ উদযাপনে। রঙিন এই আলপনার মধ্য দিয়েই নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত পুরো কলেজ পরিবার।
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 










