ভালুকায় প্রতিবেশীর হামলায় আহত ১, থানায় লিখিত অভিযোগ দায়ের
Thank you for reading this post, don't forget to subscribe!বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় পূর্ব বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভালুকা মডেল থানায় ৭ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ভালুকা উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবু রাসেল।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোহনা গ্রামের ফকির বাড়ির বাসিন্দা মোঃ আবু রাসেলের সঙ্গে তার প্রতিবেশী খাইরুল ইসলাম ফকির ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগে চুরি ও অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে অভিযোগ করা হলেও তখন আসামিদের শনাক্ত করা যায়নি।
আবু রাসেলের অভিযোগ, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে খাইরুল ইসলাম ফকিরসহ ৭ জন সংঘবদ্ধ হয়ে তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা দেশীয় ধারালো অস্ত্র, দা ও লাঠিসোটা নিয়ে বাড়িঘর ভাংচুরের চেষ্টা করে। বাধা দিতে গেলে খাইরুল ইসলাম দা দিয়ে কুপ মেরে আবু রাসেলের বাম হাতে গুরুতর জখম করে। আঘাতে তার হাতে ৪টি সেলাই দিতে হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, আসামি আসমা আক্তার তার ছেলে আরিফ ফকিরের হাতে লাঠি ও ছুরি তুলে দেন। আরিফ ছুরি নিয়ে আবু রাসেলকে আঘাতের চেষ্টা করে। বেদেনা আক্তার লাঠি হাতে ঘটনাস্থলে অবস্থান নেন এবং তমা আক্তার অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় আসামিরা প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী আবু রাসেল বলেন, আসামিরা এলাকায় দাঙ্গাবাজ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের ভয়ে এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে। হামলার পর তার পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারছে না। এমনকি তার চাচাতো বোনের জামাই হেলালকে জোর করে বাড়িতে আটকে রাখা হয়েছে।
আবু রাসেল আরও বলেন, আগেও তারা আমার বাড়িতে চুরি করেছে। তখন প্রমাণ না থাকায় কিছু করা যায়নি। এখন সব পরিষ্কার। আমার কাছে অভিযোগ, ভিডিও ফুটেজ ও সাক্ষ্য-প্রমাণ আছে। অভিযুক্তদের এই অপকর্মগুলো প্রকাশ্যে আসায় তারা পরিকল্পিতভাবে এই হামলা চালায়। আমি সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ভালুকা মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 










