গাইবান্ধায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: সাবেক দায়রা জজ নিহত
গাইবান্ধা প্রতিনিধি
Thank you for reading this post, don't forget to subscribe!অনলাইন ডেস্ক |
গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বালুবাহী ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আউয়াল (৫৫) নামে এক সাবেক দায়রা জজ নিহত হয়েছেন।
গত রবিবার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কের বামনডাঙ্গা ফিলিং স্টেশন সংলগ্ন শ্মশান এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আউয়াল সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গাজীর মোড় গ্রামের সৈয়দ ব্যাপারীর ছেলে। তিনি সর্বশেষ গাজীপুর জেলার অতিরিক্ত দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং বর্তমানে গাইবান্ধা জজ কোর্টে আইনজীবী হিসেবে প্রাকটিস করছিলেন।
যেভাবে দুর্ঘটনাটি ঘটে
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে গাইবান্ধা জজ কোর্টে আইন পেশার কাজ শেষে এক মুহুরীর (আইনজীবীর সহকারী) সাথে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আব্দুল আউয়াল সরকার। পথিমধ্যে মোটরসাইকেলটি বামনডাঙ্গা ফিলিং স্টেশন সংলগ্ন শ্মশান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল আউয়ালের মৃত্যু হয়।
রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন আব্দুল আউয়াল!
নিহতের ভাতিজা রাশেদুল ইসলাম জানান, আব্দুল আউয়াল সর্বশেষ গাজীপুর জেলার দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলটির তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে একটি শালবন সংক্রান্ত বিষয়ে অন্যায় সুবিধা না দেওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। এরপর থেকে তিনি বরখাস্ত অবস্থাতেই জীবনযাপন করছিলেন এবং পরবর্তীতে আইন পেশায় যুক্ত হন।
পুলিশের বক্তব্য
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটিকে আটকে পুলিশি অভিযান ব্যাহত রয়েছে।
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 










