সীমানা বিরোধের জেরে পঞ্চগড়ে হামলা, আহত ৫
Thank you for reading this post, don't forget to subscribe!পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার গভীর রাতে পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার (১০ জুন) বিকেলে আহতদের একজন রেহেনা আক্তার পঞ্চগড় সদর থানায় ৯ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন।
এজাহারে অভিযুক্ত করা হয়েছে রাজনগর নতুনবস্তি এলাকার আজিজার রহমান জুয়েলের ছেলে মো. আলীফ, আজিজার রহমান জুয়েল, মৃত আজিজুল হকের ছেলে আব্দুর রহিম, মিলনের ছেলে আতিক, মানিকের ছেলে সজিব, আজিজার রহমানের ছেলে আলিমুল, আজিজার রহমান জুয়েলের মেয়ে বৃষ্টি আক্তার, ময়নুল ইসলামের স্ত্রী জুলি আক্তার এবং আজিজার রহমান জুয়েলের স্ত্রী আলো বেগমকে।
মামলার এজাহার ও বাদীপক্ষের অভিযোগ সূত্রে জানা যায়, রাজনগর এলাকায় রেহেনা আক্তারের পরিবারের সঙ্গে আজিজার রহমান জুয়েল পক্ষের বসতভিটার সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই মঙ্গলবার গভীর রাতে অভিযুক্তরা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় রেহেনা আক্তার ও তার পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় রেহেনা আক্তার, আব্দুল কুদ্দুস, তানজিনা আক্তার, সুবর্ণা আক্তার এবং রোকেয়া বেগম গুরুতর আহত হন। তাদের আর্তচিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত সটকে পড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা গ্রহণের পর রেহেনা আক্তার বুধবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে একটি এজাহার পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের মতে, দীর্ঘদিনের জমি ও সীমানা-সংক্রান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধান না হওয়ায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও ন্যায়সঙ্গত নিষ্পত্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 



















