রাতের আঁধারে বিষের ছোবল: গোবিন্দগঞ্জে কৃষকের স্বপ্ন শেষ, কান্নায় ভাঙলেন চাষী
গাইবান্ধা প্রতিনিধি:
Thank you for reading this post, don't forget to subscribe!গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাতের আঁধারে এক কৃষকের মরিচ ক্ষেতে বিষ প্রয়োগ করে ফসল ধ্বংস করেছে দুর্বৃত্তরা। এতে ১২ শতক জমির পুরো ফসল নষ্ট হয়ে যাওয়ায় নিস্ব হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষক।
ঘটনাটি ঘটেছে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ০১ নম্বর ব্লকে। ভুক্তভোগী মরিচ চাষী কে এম আলমগীর কবির মহাসীন জানান, অনেক শ্রম, ঘাম ও অর্থ ব্যয় করে তিনি এই মরিচের আবাদ করেছিলেন। যখন গাছে গাছে ফলন আসতে শুরু করেছিল, ঠিক তখনই অজ্ঞাত দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে তার স্বপ্নের ক্ষেতটি ধ্বংস করে দেয়। সকালে ক্ষেতে গিয়ে তিনি দেখেন, সবুজ ও প্রাণচঞ্চল গাছগুলো মরূভূমির মতো বিবর্ণ হয়ে শুকিয়ে গেছে।
রাজনীতির পাশাপাশি স্থানীয় কৃষকদের মতোই কঠোর পরিশ্রম করে কৃষিকাজে যুক্ত রয়েছেন আলমগীর কবির। নিজের ঘামে সিঞ্চিত ফসলের ওপর এমন নিষ্ঠুর আঘাতে ভেঙে পড়েছেন তিনি।
“এটি শুধু আমার আর্থিক ক্ষতি নয়, এটি কৃষি ও মানবতার বিরুদ্ধেও এক গভীর অপরাধ। আমি প্রশাসনের কাছে এই ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।”
— কে এম আলমগীর কবির মহাসীন, ভুক্তভোগী চাষী
সবুজ ক্ষেত জুড়ে এখন শুধু বিষাদের ছায়া। মাথার ঘাম পায়ে ফেলে বোনা স্বপ্নের ওপর এমন অমানিশার কালো পর্দা নেমে আসায় স্তব্ধ হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরাও। এখন দেখার বিষয়, প্রশাসনের হস্তক্ষেপে ন্যায়বিচারের আলো কি পৌঁছাবে এই ক্ষতিগ্রস্ত কৃষকের দুয়ারে?
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 
















