লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প-পরবর্তী রিপাবলিকান নেতৃত্বে কার পাল্লা ভারী: ভ্যান্স নাকি রুবিও

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর রিপাবলিকান পার্টির ব্যাটন কার হাতে উঠবে, তা নিয়ে এখন থেকেই হিসেব-নিকাশ শুরু হয়ে গেছে। ২০২৮ সালের পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দুটি নাম সবচেয়ে বেশি চর্চায় রয়েছে। একজন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং অন্যজন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্প প্রশাসনের এই দুই প্রভাবশালী ব্যক্তিত্বের রাজনৈতিক পথচলা, অভিজ্ঞতা এবং বিশ্ব পরিমণ্ডলে মার্কিন ভূমিকা নিয়ে দৃষ্টিভঙ্গি পুরোপুরি ভিন্ন। বিশ্বরাজনীতি ও অভ্যন্তরীণ প্রশাসনের জটিল সমীকরণ সামলাতে কে কতটা তৈরি, তা নিয়ে মার্কিন রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে নানা সমীকরণ।

ফ্লোরিডায় ১৯৭১ সালে জন্ম নেওয়া মার্কো রুবিওর মা-বাবা ছিলেন কিউবা থেকে আসা অভিবাসী। আইন বিষয়ে পড়াশোনা শেষ করে স্থানীয় রাজনীতিতে যুক্ত হওয়া রুবিও ২০০০ সালে ফ্লোরিডা অঙ্গরাজ্য আইনসভার সদস্য নির্বাচিত হন এবং পরে স্পিকারের দায়িত্ব সামলান। ২০১১ সালে ফ্লোরিডা থেকে সিনেটর হিসেবে জাতীয় রাজনীতিতে পা রাখার পর তিনি টানা তিন মেয়াদে সিনেট সদস্য ছিলেন। ২০১৬ সালে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থিতার দৌড়ে নামলেও শেষ পর্যন্ত ট্রাম্পের কাছে পরাজিত হতে হয় তাঁকে। পরবর্তীতে ২০২৫ সালের ২১ জানুয়ারি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন রুবিও। দীর্ঘ রাজনৈতিক জীবনে স্থানীয় আইনসভা থেকে শুরু করে জাতীয় নীতি নির্ধারণ ও আন্তর্জাতিক কূটনীতিতে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা অর্জিত হয়েছে তাঁর। বিশেষ করে লাতিন আমেরিকা, চীন, রাশিয়া ও মধ্যপ্রাচ্য বিষায়ক নীতি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে সরব।

অন্যদিকে, ১৯৮৪ সালে ওহাইওর মিডলটাউনে জন্ম নেওয়া জেডি ভ্যান্সের শৈশব কেটেছে চরম পারিবারিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে। হাইস্কুলের পাঠ চুকিয়ে তিনি যুক্তরাষ্ট্রের মেরিন কোরে যোগ দেন এবং ইরাকে চার বছর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ওহাইও স্টেট ইউনিভার্সিটি ও বিখ্যাত ইয়েল ল স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি আইন পেশা ও বিনিয়োগ ব্যবসায় জড়ান। ভ্যান্সের লেখা স্মৃতিকথা ‘হিলবিলি এলিজি’ তাঁকে দেশজুড়ে পরিচিতি এনে দেয়, যেখানে মার্কিন গ্রামীণ ও শ্রমজীবী মানুষের অর্থনৈতিক বিপর্যয় এবং সামাজিক ক্ষোভের কথা ফুটিয়ে তোলা হয়েছে। ২০২২ সালে ওহাইও থেকে সিনেটর নির্বাচিত হওয়ার মাত্র দুই বছরের মাথায় ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প তাঁকে রানিংমেট হিসেবে বেছে নেন। ট্রাম্পের জয়ের পর ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ভ্যান্স। শ্রমজীবী ও মধ্যবিত্তের স্বার্থ রক্ষা, বন্ধ হওয়া শিল্পকারখানা চালু, কাজের সুযোগ বৃদ্ধি এবং কঠোর অভিবাসন নীতির কথা বলে তিনি মার্কিন রাজনীতিতে ট্রাম্পপন্থী ‘মাগা’ (মেক আমেরিকা গ্রেট এগেইন) আন্দোলনের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন।

দুই নেতার রাজনৈতিক পার্থক্যের সবচেয়ে বড় জায়গা হলো পররাষ্ট্রনীতি ও বিশ্বরাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী নেতৃত্বের পক্ষে। তিনি মনে করেন, চীন ও রাশিয়ার মতো কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলোর প্রভাব সামলাতে বিশ্বরাজনীতিতে যুক্তরাষ্ট্রের সক্রিয় উপস্থিতি ও মিত্র দেশগুলোর সঙ্গে জোট শক্তিশালী রাখা জরুরি। ইউক্রেন যুদ্ধে মার্কিন সহায়তা অব্যাহত রাখার পক্ষে থাকা রুবিও লাতিন আমেরিকায় চীনের প্রভাব বিস্তার নিয়ে সব সময়ই উদ্বেগ প্রকাশ করেছেন। বিপরীত মেরুতে অবস্থান নেওয়া জেডি ভ্যান্স বিদেশে যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সম্পৃক্ততার চরম বিরোধী। ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিপক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, মার্কিন সম্পদ ও সামরিক মনোযোগ কেবল দেশের নিরাপত্তা এবং প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের দিকেই রাখা উচিত। ভ্যান্সের এই অবস্থান মূলত ‘আমেরিকা ফার্স্ট’ নীতির এক কঠোর প্রতিফলন।

২০২৬ সালের জুনে ইরানের কূটনৈতিক আলোচনা এবং মধ্যপ্রাচ্য সংকটে দুই নেতার কাজের ধরনে এই বৈপরীত্য স্পষ্ট হয়। সে সময় ইরানের সঙ্গে আলোচনায় ভ্যান্সকে নেত্রীর ভূমিকায় দেখা গেলেও লেবানন প্রশ্নে কূটনৈতিক তৎপরতা সামলান রুবিও। ইসরায়েলের কিছু পদক্ষেপ নিয়ে ভ্যান্স প্রকাশ্যে সমালোচনা করলেও রুবিও ঐতিহ্যগতভাবেই ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন বজায় রেখেছেন। তবে পররাষ্ট্রনীতি বাস্তবায়নে তাঁদের দুজনের মধ্যে কোনো সংঘাত নেই বলেই উভয়ে দাবি করেছেন। অর্থনৈতিক ক্ষেত্রে ভ্যান্স শ্রমজীবী মানুষের পক্ষে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ এবং করপোরেট একচেটিয়া ব্যবসার বিরুদ্ধে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের পক্ষে কথা বলেন। অন্যদিকে রুবিও যুক্তরাষ্ট্রের উৎপাদন শিল্প পুনর্গঠন ও চীনের ওপর নির্ভরতা কমানোর পক্ষে হলেও তাঁর অর্থনৈতিক দর্শন রিপাবলিকানদের প্রথাগত মুক্তবাজার নীতির কাছাকাছি।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুজনের অতীত সম্পর্কও একেবারেই ভিন্ন ধাঁচের। ২০১৬ সালের রিপাবলিকান মনোনয়ন বিতর্কে রুবিও ও ট্রাম্পের সম্পর্ক চরম তিক্ততায় রূপ নিয়েছিল। ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি হিউস্টনের বিতর্কে রুবিও ট্রাম্পের ব্যবসায়িক সাফল্যকে ভুয়া আখ্যা দিয়ে বলেন, বাবার কাছ থেকে বিশাল অর্থ না পেলে ট্রাম্পকে হয়তো ম্যানহাটানে ঘড়ি বিক্রি করতে হতো। এমনকি ট্রাম্পকে ‘মিস্টার মেল্টডাউন’ ও ভার্জিনিয়ার এক সমাবেশে ট্রাম্পের হাত ৫ ফুট ২ ইঞ্চি মানুষের মতো ছোট উল্লেখ করে বলেন, ছোট হাতের মানুষকে বিশ্বাস করা যায় না। ৩ মার্চ ডেট্রয়েট বিতর্কে ট্রাম্প এর জবাবে মঞ্চে দুই হাত তুলে বলেন, ‘আমি নিশ্চয়তা দিচ্ছি, এ নিয়ে কোনো সমস্যা নেই।’ ট্রাম্প তাঁকে প্রায়ই ‘লিটল মার্কো’ বলে ডাকার পরও সময়ের ব্যবধানে রুবিও এখন ট্রাম্পের প্রশাসনের শীর্ষ নীতিনির্ধারক ও আস্থার পাত্র। আর ভ্যান্স শুরু থেকেই ট্রাম্পের ভাবাদর্শের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে ট্রাম্পের রাজনৈতিক উত্তরাধিকার বহনে সুবিধাজনক অবস্থায় রয়েছেন।

ট্রাম্প-পরবর্তী রিপাবলিকান নেতৃত্বে রুবিও বা ভ্যান্সের বাইরে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এবং টেক্সাসের সিনেটর টেড ক্রুজের নামও আলোচনায় রয়েছে। ২০১৯ সাল থেকে গভর্নরের দায়িত্বে থাকা ইয়েল ও হার্ভার্ডের সাবেক শিক্ষার্থী এবং সাবেক নৌকর্মকর্তা ডিস্যান্টিস ২০২৪ সালের প্রাইমারিতে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন। অন্যদিকে ২০১৩ সাল থেকে সিনেট সদস্য টেড ক্রুজ ছিলেন ২০১৬ সালের প্রাথমিক নির্বাচনের অন্যতম মূল লড়াইয়ে। তবে ২০২৮ সালের নির্বাচন নিয়ে এখনই কথা বলতে নারাজ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্প প্রশাসনের শেষ দিন পর্যন্ত কাজ করার ইচ্ছা প্রকাশ করে সম্প্রতি রুবিও সাফ জানিয়ে দেন, ‘আমি আর ২০২৮ নিয়ে কথা বলব না। একেবারেই না।’ ফলে ট্রাম্পের পর রিপাবলিকান দল একজন অভিজ্ঞ কূটনীতিকের হাতে নাকি নতুন প্রজন্মের অর্থনৈতিক জাতীয়তাবাদীর হাতে ক্ষমতা ছাড়বে, সেই উত্তর নির্ধারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক সংকট বড় ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

টানা তিন দফা বাড়ার পর দেশের বাজারে কমল সোনার দাম

ট্রাম্প-পরবর্তী রিপাবলিকান নেতৃত্বে কার পাল্লা ভারী: ভ্যান্স নাকি রুবিও

প্রকাশিত হয়েছে: ০৩:৩২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬