অনলাইন ডেস্ক:
Thank you for reading this post, don't forget to subscribe!পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক হওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থীকে প্রায় ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদে ফেরত আনা সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা দুই শিক্ষার্থীকে আটক করে। আটক হওয়া শিক্ষার্থীরা হলো আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)। তারা রশেয়া উচ্চ বিদ্যালয়ের যথাক্রমে ষষ্ঠ ও নবম শ্রেণির ছাত্র।
জানা গেছে, তারা বোনের বাড়িতে বেড়াতে এসে সকালে সীমান্তের মেইন পিলার ৪১৭-এর ৯ নম্বর সাব-পিলার এলাকায় ছবি তুলতে গিয়ে অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
এ ঘটনায় স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী জানান, আটক করার সময় শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাই চলছে।
পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে বিকেলে দুই শিক্ষার্থীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
গড়িনাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু বলেন, বিজিবির দ্রুত পদক্ষেপ ও কার্যকর সমন্বয়ের ফলে স্বল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীদের ফেরত আনা সম্ভব হয়েছে।
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 



















